৩০ ব্যাংকের বন্ধ ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম। কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে যে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা বন্ধ বা ব্যাহত ছিল, তা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা প্রদান করে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালনায় কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এর ফলে বেশ কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সংশ্লিষ্ট সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, যত দ্রুত সম্ভব কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রমসহ সব ধরনের কার্ডভিত্তিক সেবা সচল করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংক সরাসরি এনপিএসবির সঙ্গে যুক্ত, সেগুলোর লেনদেন স্বাভাবিক রয়েছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-এর মতো পেমেন্ট সিস্টেমগুলোও নিরবচ্ছিন্ন রয়েছে।

সিস্টেম মাইগ্রেশনের প্রভাবে ব্যাংকভেদে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস), আন্তব্যাংক অর্থ স্থানান্তর এবং কিউআর পেমেন্টসহ বিভিন্ন সেবা সীমিত বা বন্ধ হয়ে গিয়েছিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের কথা জানিয়েছে।