ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলা কিউআরের ব্যবহার আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। লেনদেনের পর অর্থ জমা হওয়ার ক্ষেত্রে কোনো বিলম্ব করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করা, গ্রাহকদের পেমেন্ট প্রক্রিয়া সহজতর করা এবং ব্যবসায়ীদের এই পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন নির্দেশনায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দৃশ্যমান রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই আইকনটি অ্যাপের হোম পেজের বটম-সেন্টার পজিশন বা থাম্ব জোনে রাখতে বলা হয়েছে।
একই সঙ্গে শুধু কিউআর স্ক্যান নয়, বরং কিউআর কোডের ছবি আপলোড করে পেমেন্ট করার সুবিধাও চালু করতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে কার্ডধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুযোগ দিতে হবে, যাতে ব্যাংক হিসাবের সঙ্গে মোবাইল অ্যাপভিত্তিক পেমেন্টের সংযোগ আরও সুদৃঢ় হয়।

