জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ মোট ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন পেশ করা হয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিত তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে আগামী ২ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছে।

এদিন ট্রাইব্যুনালে এই মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে হাজির করা হয়। মামলায় অভিযুক্ত অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।