চাঁদপুরের কচুয়ায় নারিকেল গাছ থেকে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলায় এরশাদ উল্লাহ (৪৫) নামের এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, এরশাদ উল্লাহ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। দুর্ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, দুর্ঘটনার পর থেকেই এরশাদ উল্লাহ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বুধবার বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা সড়কের পাশের একটি নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।