ইরানের সঙ্গে সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যা দিতে রাজি নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। যদিও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে, তবুও ভ্যান্স একে যুদ্ধের পরিবর্তে ‘সংঘাত’ হিসেবেই দেখছেন।

ভ্যান্সের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান শেষ করেছে। তিনি স্পষ্ট করেন যে, এখন কোনো গোলাগুলি চলছে না, তবে কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তেহরান যাতে বাণিজ্যিক তেল পরিবহনে আর কোনো বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। হরমুজ প্রণালিতে ইরান নৌ চলাচলে বাধা সৃষ্টি করায় যুক্তরাষ্ট্র সেখানে তেল পরিবহনে সহায়তা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভ্যান্সের দাবি, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বড় ধরনের বৈশ্বিক জ্বালানিসংকট এড়াতে ভূমিকা রেখেছে।

যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা নিয়ে বারবার প্রশ্ন করা হলে ভ্যান্স কোনো নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা বন্ধ হলেই এই সংঘাতের অবসান ঘটবে। তিনি বলেন, ‘ইরানিরা কবে জাহাজে গুলি চালানো বন্ধ করবে? বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না।’ তিনি আরও জানান, তেহরান বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে কোনো প্রকার আলোচনা হওয়ার সুযোগ নেই।

এই সংঘাতের প্রভাব পড়েছে মার্কিন রাজনীতি ও অর্থনীতিতেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়া এবং গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকান প্রার্থীদের সামনে আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে এবং প্রায় ২০টি যুদ্ধজাহাজ সেখানে অবস্থান করছে। ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে সেনা সরিয়ে এনে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানি উপকূলীয় লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম জুলাই মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে নানা বিষয়ে কথা বলেন জেডি ভ্যান্স।