দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ওয়াই৫০০। শিক্ষার্থী, পেশাজীবী এবং প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটি উন্নত অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর এবং উচ্চমানের ডিসপ্লে প্রযুক্তিতে সমৃদ্ধ। ভিভোর দাবি অনুযায়ী, স্মার্টফোনটিতে তাদের সর্বশেষ অরিজিনওএস ৬ ব্যবহার করা হয়েছে, যা একাধিক অ্যাপ ব্যবহারের সময় দ্রুত গতি ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা, দাপ্তরিক কাজ এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ সংযোগ স্থাপনের জন্য এতে যুক্ত করা হয়েছে আধুনিক সব সুবিধা।
স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির উচ্চ রেজল্যুশনের অ্যামোলেড পর্দা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রতিষ্ঠানটির মতে, এই প্রযুক্তি ভিডিও দেখা, গেমিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও সাবলীল করে তুলবে। ডিভাইসটিতে ৬ ন্যানোমিটারের একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পরীক্ষামূলক কর্মদক্ষতার স্কোর ৬ লাখ ৮০ হাজার। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আগের প্রজন্মের তুলনায় এটি কেন্দ্রীয় ও গ্রাফিক্সভিত্তিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।
দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি। স্মার্টফোনটি ৫০ মাসের দীর্ঘমেয়াদি মসৃণ পারফরম্যান্সের সনদ অর্জন করেছে বলেও দাবি করেছে ভিভো। বাংলাদেশের বাজারে ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অফার হিসেবে ক্রেতারা স্মার্টঘড়ি অথবা সর্বোচ্চ ৯ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধার পাশাপাশি ১৮ মাসের ওয়ারেন্টি ও বিশেষ ডেটা সুবিধা উপভোগ করতে পারবেন।

