চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। সহকর্মীদের ভাষ্যমতে, সেই সময় তাকে বেশ স্বাভাবিক ও হাসিখুশিই দেখাচ্ছিল।
ঘটনার দিন সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেছিলেন। পরে বাসায় ফিরে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ব্যক্তিগত জীবনে ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা ছিলেন। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন; তারা দুজনই ঢাকায় থাকেন। এছাড়া মেজ মেয়ে একজন চিকিৎসক, যিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।

