পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালালেন আসামি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় আসির মিয়া (৩৫) নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার দামোধরতপী পয়েন্টে এই ঘটনা ঘটে। পলাতক আসির মিয়া দামোধরতপী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। তিনি একটি মামলার এজাহারনামীয় আসামি। তবে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পরপরই ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হয় এবং সেই সুযোগে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পরপরই আসির মিয়া হাতকড়া পরা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। তার এই লাইভ ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুকে লাইভ চলাকালীন আসির মিয়া নিজেকে একজন কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন। তিনি অভিযোগ করেন, কবরস্থানের কাজ বন্ধ থাকা, ১৭ লাখ টাকার আর্থিক অনিয়ম ও জলমহালের দুর্নীতি নিয়ে ভিডিও করায় সাবেক চেয়ারম্যান আমিরুল হক ক্ষিপ্ত হয়ে তার ভাইয়ের মাধ্যমে মিথ্যা ডাকাতির মামলা করিয়েছেন।

আসির মিয়া আরও অভিযোগ করেন, পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তার দাবি, পুলিশের কাছে পরোয়ানা দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তিনি সেখান থেকে সরে যান।

এ বিষয়ে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না। তবে তিনি নিশ্চিত করেছেন যে, আসামির হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৮