প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল। ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে দেশটির নদীপ্রবাহভিত্তিক জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ২৬শে আগস্ট ভোতেকোশি নদী ব্যবস্থায় ভয়াবহ বন্যার পর নেপালের বিদ্যুৎ রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প (২২ দশমিক ১ মেগাওয়াট) এবং ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্প (২৪ মেগাওয়াট) এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহ থেকে প্রকল্প দুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। চিলিমে থেকে ২১ দশমিক ৪ মেগাওয়াট এবং ত্রিশূলি থেকে ১৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ ভারতে বিক্রির অনুমোদন ছিল, যা ভারতের মাধ্যমেই বাংলাদেশে সরবরাহের অনুমতি পেয়েছিল। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রকল্প দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প হিসেবে অন্য প্রকল্পের বিদ্যুৎ পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্য।
বন্যার কারণে মোট ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সানজেন, আপার সানজেন ও সালাসুঙ্গি প্রকল্পকে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় 'আইসোলেটেড মোডে' রাখা হয়েছে, যার অর্থ এগুলো জাতীয় গ্রিডের বাইরে কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে। রপ্তানি কমে যাওয়ার পেছনে বন্যার পাশাপাশি অনুমোদনের জটিলতাও রয়েছে। ভারত এখনো তিনটি প্রকল্পের মোট ৭৩ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন নবায়ন করেনি। এর মধ্যে ৩১শে জুন মেয়াদ শেষ হওয়া আপার চামেলিয়া (৩৮ দশমিক ৮ মেগাওয়াট) এবং ৩১শে জুলাই মেয়াদ শেষ হওয়া সেটি রিভার (২৪ দশমিক ২৫ মেগাওয়াট) ও আপার তাদি খোলা (১০ দশমিক ৭০ মেগাওয়াট) প্রকল্প অন্তর্ভুক্ত।
বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেয় ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। এ পর্যন্ত ভারত নেপালের ৩৭টি জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে ৪০০ কেভি ধলকেবার-মুজাফফরপুর লাইনসহ বেশ কয়েকটি সঞ্চালন সংযোগ রয়েছে। বাংলাদেশের বাজারে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে আরও জটিলতা বিদ্যমান। ২০২৫ সালের নভেম্বরে নেপাল-বাংলাদেশ জ্বালানি সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে দুই দেশ সম্মত হলেও ভারত সঞ্চালন সক্ষমতার ঘাটতির অজুহাতে তা নাকচ করে দেয়।
জুন মাসে অনুষ্ঠিত নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের বৈঠকে নেপাল পুনরায় অনুমোদনের অনুরোধ জানায়। নেপাল ৪৫৬ মেগাওয়াটের আপার তামাকোশি জলবিদ্যুৎ প্রকল্পসহ আরও কয়েকটি প্রকল্পের অনুমোদন চেয়েছে। তবে যেসব প্রকল্পে চীনা বিনিয়োগ, চীনা ঠিকাদার কিংবা চীনা সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ভারত অনুমোদন দিতে অনীহা দেখাচ্ছে। আপার তামাকোশির সিভিল নির্মাণকাজ চীনা কোম্পানি করায় ভারত এখনো অনুমোদন দেয়নি। সাবেক জ্বালানিমন্ত্রী কুলমান ঘিসিং বলেন, বিদ্যুৎ বাণিজ্যের অনুমোদন নিশ্চিত ও নবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। নেপাল ২০২১ সালে বিদ্যুৎ রপ্তানি শুরু করে। ২০২৫-২৬ অর্থবছরে নেপাল ভারত ও বাংলাদেশে ২৯ দশমিক ৩২ বিলিয়ন নেপালি রুপি মূল্যের বিদ্যুৎ রপ্তানি করেছে, বিপরীতে শুষ্ক মৌসুমে ভারত থেকে ১০ দশমিক ২৩ বিলিয়ন রুপির বিদ্যুৎ আমদানি করেছে। বর্তমানে নেপাল ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের চেষ্টা করছে।

