চ্যাম্পিয়নশিপ লিগের শুরুটা শেফিল্ড ইউনাইটেডের জন্য মোটেও সুখকর ছিল না। টানা তিন ম্যাচ ড্র করে মৌসুম শুরু করা ক্লাবটি অবশেষে জয়ের দেখা পেয়েছে। বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোলের এই নাটকীয় জয়ের ম্যাচে মাঠে ফিরেছিলেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। রাইট-ব্যাক হিসেবে পুরো ম্যাচ খেলে দলের এই জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। শেফিল্ডের জার্সি গায়ে নিজের প্রত্যাবর্তনকে তিনি সামনের পথচলার প্রেরণা হিসেবে দেখছেন।
ম্যাচটি ছিল অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। প্রথমার্ধের প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে চতুর্থ মিনিটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরে আসে দলটি। বিরতির পর ৬৭ মিনিটে ফের গোল খেয়ে পিছিয়ে পড়ে ‘ব্লেড’ ডাকনামের ক্লাবটি। কিন্তু পরের মিনিটেই আবার সমতায় ফেরে হামজার দল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেল্লে ডোনোভানের গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে এক বছরের চুক্তিতে যোগ দেওয়ার পর এটিই ছিল হামজার প্রথম ম্যাচ। এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনি ধারে ক্লাবটির হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন। ম্যাচ শেষে নিজের ফেরা নিয়ে হামজা চৌধুরী বলেন, ‘এখানে আবারও ফিরতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। অবশ্যই এই রাতের ফলটা আমাদের জন্য বিশাল।’
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য পরবর্তী পর্বে উত্তরণ। আমাদের এখানে এসে সেরা উপায়ে জবাব দেওয়া প্রয়োজন ছিল এবং ছেলেরা ঠিক সেটাই করেছে। আমরা ম্যাচটা যেভাবে চেয়েছিলাম, শুরুটা তেমন হয়নি। তবে প্রথম মিনিটে গোল খাওয়ার পর ছেলেরা দারুণ সাহস দেখিয়েছে।’ হামজা মনে করেন, প্রথমার্ধে প্রভাব বিস্তার করলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তারা, যার ফলে প্রতিপক্ষ ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল।
সবশেষ ৯ ম্যাচে অপরাজিত থাকা শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ লিগের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ক্লাবটি এখন লিগ টেবিলের দশম স্থানে রয়েছে। এই পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই সামনে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন হামজা। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে রোমের জয় নিশ্চিত করাটা সত্যিই দারুণ ছিল। এসব অনুভূতিই বারবার আমাকে এই বিশেষ স্টেডিয়াম ও সমর্থকদের মাঝে ফিরে আসার আকুলতা তৈরি করে দেয়।’

