বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভাপতি বা চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।
সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তাঁর পদত্যাগের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপককে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

