যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন নিয়ে লুকোচুরি, ক্যাম্পাসে উত্তেজনা

পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও বামপন্থি রাজনীতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন মোছা এবং তা পুনরায় লেখা নিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐতিহ্যবাহী দেওয়াল লিখন মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন। কলা বিভাগের দেওয়ালে কেন ‘কিষেণজি স্যালুট’ কিংবা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো স্লোগান লেখা থাকে, তা নিয়ে তিনি আপত্তি জানান। ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান রয়েছে বলে অভিযোগ তুলে তিনি এই আবর্জনা ধুয়েমুছে সাফ করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর এই অলিখিত নির্দেশের পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতারাতি ক্যাম্পাসের সব দেওয়াল লিখন মুছে ফেলে।

তবে কর্তৃপক্ষের এই অভিযানের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দেওয়ালে আবারও ফিরে আসে স্লোগান। সেখানে কার্ল মার্ক্সের বিখ্যাত উক্তি— ‘আমাদের সময় যখন আসবে তখন আমরা বৈপ্লবিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবো না’ লিখে দেওয়া হয়। পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকেও নতুন করে নানা স্লোগান দেওয়ালে লিখে কর্মসূচি চালানো হয়। কিন্তু সোমবারের এই ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে সেই দেওয়াল লিখনগুলো আবারও মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাতের অন্ধকারে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে দেওয়াল লিখনগুলো মুছে দিয়েছে। রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের (আরএসএফ) যাদবপুর ইউনিটের সেক্রেটারি ইন্দ্রানুজ রায় অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার কর্মী পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ৪ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা জানায় যে, পুরসভার লোক সেখানে এসেছে দেওয়াল লিখন হোয়াইট ওয়াশ করতে এবং পুলিশ তাদের নিরাপত্তা দিতে এসেছে। শিক্ষার্থীরা মাঝরাতে এই খবর পেলেও হোস্টেলের বাইরে বের হতে পারেননি। পরে তারা দেখতে পান সব দেওয়ালে সাদা রঙের ছোপ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ক্যাম্পাসের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও মর্যাদা বজায় রাখার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান। তিনি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানিয়েও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন যেন তত্রতত্র স্লোগান, গ্রাফিতি বা পোস্টার না লেখা হয়। এর পরিবর্তে নির্দিষ্ট স্থানে মত প্রকাশের সুযোগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের নেতা অঞ্জিল দাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময়ই সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী। তাই দেওয়ালে আরএসএসবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল। আরএসএসের ভূমিকা ফ্যাসিস্টদের মতো বলেই দেওয়ালে তাদের বিরুদ্ধে লেখা হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেওয়াল লিখন মুছে দিয়ে শিক্ষার্থীদের সাম্রাজ্যবাদবিরোধী মনোভাব দমন করা যাবে না। তারা আবারও দেওয়ালে একই ধরনের স্লোগান লিখবেন।