ইউনাইটেড হেলথকেয়ারে সফলভাবে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন

সোমবার ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক অর্জনের বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এবং গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের ডিরেক্টর অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান, এন্ডো-ল্যাপারোস্কপিক এন্ড রোবোটিক সার্জারি বিভাগের প্রধান ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ।

চিকিৎসকরা সংবাদ সম্মেলনে দুটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা তুলে ধরেন। এর মধ্যে ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলির পাথরের সমস্যার জন্য রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সার্জনরা বাংলাদেশের রোবোটিক সার্জারির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসায় উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এর ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।