রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদনটি ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৬: ৫০ মিনিটে প্রকাশ করা হয়েছে।
এদিন সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনসহ অন্যান্য অতিথিরা তিনটি পায়রা উড়িয়ে এই উৎসবের সূচনা করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ক্যাম্পাসে শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। রক্তদাতা সংগঠন ‘নিরব’-এর উদ্যোগে একটি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে রক্ত ও চক্ষু পরীক্ষা সেবাও দেওয়া হয়।
উৎসবের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনীর আয়োজন করা হয়। অতিথিরা এই প্রদর্শনী ঘুরে দেখেন, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা উদ্যোগগুলো তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দেন অতিথিরা।
পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, ১৯৬৪ সালে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে রুয়েট আজ শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এক অনন্য অবস্থানে পৌঁছেছে। গবেষণার মূল লক্ষ্য শুধু প্রকাশনা বা সাইটেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যার সমাধান ও মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। গবেষণার প্রসারে ইউজিসি ‘রিসার্চ রেভল্যুশন’-এর মতো উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেবল সার্টিফিকেট অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের আসল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজ রুয়েটের ৬২ বছরের গৌরবময় পথচলায় পদার্পণের দিন। দীর্ঘ এই পথযাত্রায় শিক্ষা ও গবেষণায় অবদান রাখা সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রুয়েটকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। গবেষণা ও উদ্ভাবনে সরকারি বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে রুয়েটের অবস্থান আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। যোহরের নামাজের পর রুয়েট কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, শহীদ ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পরদিন এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।

