লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা সকাল ৯টা ৪৭ মিনিটে ঢাকায় অবতরণ করেন।
এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ফেরত আসা এই বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকের অভিযোগ, লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে তাদের অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
ফেরত আসা এসব মানুষের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও যাতায়াত খরচসহ সাময়িক বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছে আইওএম। এদিকে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভুক্তভোগীদের তিক্ত অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য যে, এর আগে গত ১৮ আগস্ট আইওএমের সহায়তায় লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সেই ঘটনার দুই সপ্তাহ পর নতুন করে আরও ১৭৪ জন দেশে ফিরলেন।

