চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার আয়োজন করা হয়। এরপর ঢাকঢোলের তালে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিবগঞ্জ মডেল স্কুল থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রকে বিকশিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ৪৮ বছর ধরে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন রাজনীতির পথ অনুসরণ করে দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশকে মুক্ত করতে বিএনপি সক্ষম হয়েছে।
র্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তৌসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া) সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

