ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসরকে সামনে রেখে নতুন দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রান্স ফুটবল’। ঐতিহ্যবাহী প্যারিস শহর ছেড়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসছে এই জমকালো আসরের মূল আয়োজন। আগামী ২৬শে অক্টোবর লন্ডনে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কারের এই বিশেষ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে রাত ৯টার মধ্যে অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে পুরুষ ও নারী বিভাগের ৩০ জন করে মোট ৬০ জন মনোনীত ফুটবলারের নাম প্রকাশ করা হবে। একই দিনে সেরা তরুণ খেলোয়াড়, গোলকিপার, কোচ, গোলদাতা এবং ক্লাবের জন্য অন্যান্য ক্যাটাগরির পুরস্কারের মনোনয়ন তালিকাও উন্মোচন করা হবে।
২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণে ২০২৫-২৬ মৌসুমের ক্লাব পারফরম্যান্স এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। মনোনয়ন ঘোষণার পর শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ১০০টি দেশের নির্বাচিত সাংবাদিকরা এবং নারীদের জন্য সেরা ৫০টি দেশের প্রতিনিধিরা ভোট দেবেন। প্রতিটি দেশের সাংবাদিকরা ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য ও ফেয়ার প্লে-এর মতো বিষয়গুলো বিবেচনা করে শীর্ষ ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দেবেন।
লন্ডনে এই অনুষ্ঠান আয়োজনের পেছনে রয়েছে বিশেষ ঐতিহাসিক তাৎপর্য। ১৯৫৬ সালে ‘ফ্রান্স ফুটবল’ যখন প্রথম ব্যালন ডি’অর চালু করে, তখন এর প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউস। প্রতিষ্ঠার সাত দশক পর লন্ডনে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সেই প্রথম বিজয়ীকে বিশেষ শ্রদ্ধা জানানো হবে। উল্লেখ্য, ২০২৫ সালে পুরুষ বিভাগে উসমান দেম্বেলে এবং নারী বিভাগে আইতানা বোনমাতি ব্যালন ডি’অর জিতেছিলেন। এখন তাদের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ৮ই সেপ্টেম্বর মনোনীতদের নাম প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে সেই কাঙ্ক্ষিত লড়াই, যা শেষ হবে আগামী ২৬শে অক্টোবর লন্ডনের বর্ণিল আয়োজনে।

