নোয়াখালীতে রোগীর গলা থেকে চেইন চুরি, এক্স-রেতে মিলল পেটে

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক ভরি ওজনের দুটি সোনার চেইন হারিয়েছেন বিবি ফাতেমা নামের এক নারী। তিনি নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়ানোর সময় এই চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইনে দাঁড়ানোর সময় একটি চোর চক্র কৌশলে বিবি ফাতেমাকে ঘিরে ধরে এবং ধাক্কাধাক্কি শুরু করে। এই সুযোগে চক্রের সদস্যরা চোখের পলকে তাঁর গলা থেকে দুটি সোনার চেইন খুলে নেয়। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে চক্রের তিন সদস্য দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে সিনারা বেগম নামের ৫০ বছর বয়সী এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। ওই নারী নিজের বাড়ি সিলেট জেলায় বলে জানিয়েছেন।

আটকের পর স্থানীয়রা সিনারা বেগমের শরীর ও ব্যাগ তল্লাশি করেও চেইনের কোনো হদিস পাননি। তবে ওই নারীর অস্বাভাবিক নির্লিপ্ততা দেখে লোকজনের সন্দেহ আরও ঘনীভূত হয়। রহস্য উন্মোচনের জন্য তাঁকে হাসপাতালের এক্স-রে বিভাগে নিয়ে যাওয়া হয়। এক্স-রে ফিল্মে দেখা যায়, চেইন দুটি তাঁর পেটের ভেতরে রয়েছে।

ঘটনার পর ওই নারীকে দ্রুত পার্শ্ববর্তী ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রেজাউল ইসলাম পাটোয়ারীর তত্ত্বাবধানে এন্ডোস্কোপি করার মাধ্যমে সফলভাবে তাঁর পেট থেকে চেইন দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছায় এবং অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।