রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক শুনবে আদালত

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলা রায়ের পর্যায়ে আসার পর ফের যুক্তিতর্ক শোনার সিদ্ধান্ত নিয়েছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর স্বপ্রণোদিত হয়ে মামলাটিতে ফের যুক্তিতর্ক উপস্থাপনের এই নির্দেশ দেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ মামলাটির রায় ঘোষণার কথা ছিল। এর আগে গত ১৬ আগস্ট রায় দেওয়ার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছিল।

দুদকের কৌঁসুলি ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, কিছু বিষয় স্পষ্ট হওয়ার জন্য বিচারক মামলাটি রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রেখেছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করবেন।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন ভবন মালিক সোহেল রানা, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্লানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব। আসামিদের মধ্যে সোহেল রানা হত্যা মামলায় কারাগারে রয়েছেন, রোববার তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক এবং অন্য আসামিরা জামিনে থেকে আদালতে হাজিরা দিয়েছেন। বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। উদ্ধার তৎপরতায় ১ হাজার ১৩৬ জনের লাশ পাওয়া যায় এবং ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ১৮ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করা হয়, পরে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। এছাড়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগে এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও দুটি মামলা চলমান রয়েছে।

অধিকতর তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘রানা প্লাজা’ নামে ছয়তলা একটি শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৬ সালের ১০ এপ্রিল নকশা অনুমোদন করে সাভার পৌরসভা। ২০০৮ সালের ২২ জানুয়ারি ওই ছয়তলা ভবনের ওপর আরও চার তলা নির্মাণের অনুমোদন চাওয়া হয়।