বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি বিএনপির রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা পালন করে আসছে।
প্রফেসর গোলাম ছাদিক আরও বলেন, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষক সমাজকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ সময় গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং শিক্ষাঙ্গনে একটি মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

