ঝিনাইদহে পারিবারিক কলহে চাচাতো ভাইয়ের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন

ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে আবু মুসা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে তার একটি পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু মুসা ওই গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে মাঠের কাজ শেষে আবু মুসা বাড়িতে ফিরছিলেন। তিনি নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাওয়ার পথে তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মামুন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত আবু মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী বিউটি খাতুন জানান, অভিযুক্ত মামুন সম্পর্কে তার স্বামীর চাচাতো ভাই। মামুন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করত এবং পারিবারিক বাকবিতণ্ডায় জড়াত। এসব কর্মকাণ্ডে তার স্বামী আবু মুসা ও পরিবারের অন্যরা বাধা দেওয়ায় মামুনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই সে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ভুক্তভোগীর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম পায়েও গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মামুন মোল্লা মাদকাসক্ত এবং এর আগেও বাজারের একটি দোকানে চুরির মামলায় সে গ্রেপ্তার হয়েছিল। ঘটনার পর থেকেই মামুন পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।