ডাকাতিয়া নদী ভরাট করে ঘাট নির্মাণ, ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর একটি অংশ রাবিশ ও বর্জ্য ফেলে ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী কাজী মোবারক করীম মেহেদী ১০ নম্বর চৌধুরীঘাট এলাকার কসাইখানার পাশে নদীর একাংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট হিসেবে ব্যবহার করছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, ভরাট করা অংশটি সাত দিনের মধ্যে খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদী ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।