অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন স্তর বা স্ল্যাব অনুযায়ী পাঁচ ধাপে বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পেনশনের হার বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পেনশনভোগী মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পান, তাঁদের পেনশন ১০০ শতাংশ বাড়ানো হবে। এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পেনশন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যারা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে এই পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে বড় ধরনের আর্থিক সংশ্লেষ রয়েছে। পাশাপাশি অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য না থাকায় সরকার এই পদ্ধতি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত অবসরভোগীদের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে স্তরভিত্তিক নিট পেনশনের হার বাড়ানোর এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

