সৌদিতে চাকরির প্রলোভনে পাচার, বিমানবন্দরে সিআইডির জালে দালাল

সৌদি আরবে আকর্ষণীয় চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ও ভুক্তভোগীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩১ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সিআইডির মানব পাচার ইউনিট তাকে গ্রেফতার করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মো. সালমান হোসেন (৩৩) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চক্রটি ভুক্তভোগীকে ফাস্টফুডের দোকানে কাজ দেওয়ার লোভ দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর ২০২৫ সালের জুনে তাকে সৌদি আরবে পাঠানো হয়, কিন্তু সেখানে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো আসামি সালমান হোসেনের সৌদি আরবের বাসায় তাকে বন্দি করে রাখা হয়। পরে আকামা তৈরির কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয় এবং টাকা না পাওয়ায় তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী একপর্যায়ে বন্দিশালা থেকে পালিয়ে একটি মরূদ্যান এলাকায় আশ্রয় নেন। সেখান থেকে সৌদি পুলিশের হাতে আটক হয়ে গত ২২ জুলাই তিনি দেশে ফেরেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সাভার থানায় মানবপাচার দমন আইনে মামলা দায়ের করেন। সিআইডি জানিয়েছে, সালমান হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও তার বাসায় ভুক্তভোগীকে বন্দি রাখার সত্যতা পাওয়া গেছে। চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, বিদেশে যাওয়ার আগে দালাল বা ভুয়া প্রতিষ্ঠানের মিষ্টি কথায় না ভুলে সরকারি অনুমোদিত মাধ্যমে যাচাই-বাছাই করা জরুরি।