কাভা কাপে রানার-আপ হয়ে বিশেষ সংবর্ধনা পেল বাংলাদেশ ভলিবল দল

পাকিস্তান থেকে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট কাভা কাপে অংশ নিয়ে রানার-আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। এই অর্জনকে কেন্দ্র করে শহীদ নুর হোসেন ইনডোর ভলিবল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভলিবল ফেডারেশন। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার পুরস্কারের চেক তুলে দেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করতে চাই। রানার্স-আপ হলেও আমরা তাদের বিমুখ করতে চাই না, বরং সরকার ও ফেডারেশন যে তাদের পাশে রয়েছে সেটিই নিশ্চিত করছি। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ র‌্যাংকিংয়ে ৬৫তম স্থানে উঠেছিল, যা ছিল দেশের ভলিবল ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এরপর নিয়মিত অংশগ্রহণ না করায় র‌্যাংকিং ১৪৮-এ নেমে গিয়েছিল। তবে গত ২৯ তারিখ পাকিস্তান থেকে ফেরার পর আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বড় উন্নতি ঘটেছে দলের। টুর্নামেন্ট শুরুর আগে ১৪৮তম স্থানে থাকা বাংলাদেশ এখন ৭৫তম স্থানে উঠে এসেছে।

সংবর্ধনা পেয়ে ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভলিবল দলের অধিনায়ক হরোশিত। খেলোয়াড়দের বিশ্বাস, বিশ্বমঞ্চে এই র‍্যাংকিংয়ের উত্তরণ আগামী দিনে দেশের ভলিবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সংশ্লিষ্টদের মতে, ট্রফি হাতছাড়া হলেও অর্জিত র‍্যাংকিং এবং খেলোয়াড় ভাতার সুযোগ ভলিবল অঙ্গনে নতুন জোয়ার এনেছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে নিয়মিত চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রাখবে।