মাঠের বাইরের নানা টানাপোড়েন এবং প্রস্তুতির প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই এবার মূল লড়াইয়ের মঞ্চে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযানে আজ রাতে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। চ্যালেঞ্জের মাত্রা অনেক বেশি হলেও দলকে নিয়ে বেশ আশাবাদী কোচ জেরার্ড জোন্স। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তারা মাঠের পারফরম্যান্সে নিজেদের মানসিকতা ও প্রকৃত সামর্থ্য দেশবাসীকে দেখাবে।
টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় এক ঘাটতি ছিল। মূলত সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা ভেস্তে যায়। শেষ পর্যন্ত উপায় না দেখে বিকল্প প্রতিপক্ষ খুঁজে নিতে হয়েছে দলকে। নিজেদের মধ্যে চারটিসহ মোট দশটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটি। জেরার্ড জোন্স মনে করেন, শক্তিশালী দলের বিপক্ষে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হতো, অনুশীলনের মাধ্যমে তারা সেই চ্যালেঞ্জগুলোর অনেকগুলোই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন।
স্বাগতিক উজবেকিস্তান বেশ শক্তিশালী দল হলেও তাদের নিয়ে অহেতুক ভীতি নেই বাংলাদেশ শিবিরে। কোচিং স্টাফ প্রতিপক্ষের ম্যাচগুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছে। তাদের বল পজেশন, হাই প্রেসিং এবং কাউন্টার-প্রেসিং কৌশলের পাশাপাশি দুর্বলতার জায়গাগুলোও চিহ্নিত করা হয়েছে। কোচের মতে, প্রতিপক্ষের খেলার মান প্রশংসনীয় হলেও তাদের দুর্বলতার সুযোগ নেয়ার চেষ্টা করবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখন অতীত বলে জানিয়েছেন দলের ম্যানেজার সামিদ কাশেম। বর্তমানে পুরো দল ম্যাচকে সামনে রেখে এককাট্টা। এছাড়া তাসখন্দের আবহাওয়া ঢাকার তুলনায় ভিন্ন এবং রোদের তেজ বেশি। এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের সময় বিবেচনায় রেখেই অনুশীলনের সূচি সাজানো হয়েছে, যাতে কন্ডিশন নিয়ে প্রতিপক্ষ কোনো বাড়তি সুবিধা না পায়।
উল্লেখ্য, এবারের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার গ্রুপে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। সবশেষ ২০০২ সালে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। এ বছরের এপ্রিলে সাফের শিরোপা জয়ের সাফল্যকে ছাপিয়ে এবার এশিয়ার কাপ বাছাইয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর চ্যালেঞ্জ যুবাদের সামনে।

