হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রোববার এই হামলা চালানো হয়। গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটি প্রথম কোনো মার্কিন হামলার ঘটনা।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে সামুদ্রিক মাইন বসানোর প্রস্তুতিকালে দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত এই এলাকাটি বর্তমানে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হতাহতদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি।
এই হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে কৌশলগত ও মারাত্মক ভুল করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ওই জলপথের আন্তর্জাতিক নৌ-রুটগুলো থেকে সামুদ্রিক মাইন অপসারণের কাজ সম্পন্ন করেছে। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি নতুন করে কোনো মাইন স্থাপনকারী নৌযান পাঠায়, তবে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

