গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়। এতে এক নারীসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—স্থানীয় চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আরেক পথচারী আশা আক্তার (২০)। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।