সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর এর সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং কোনো অবস্থাতেই অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এছাড়া, কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২৩: ৩১আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩: ৩৫

