২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে দুই হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে, চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত সামগ্রিক প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।