পাটগ্রামে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ক্যাম্পেইন শুরু

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি পাটগ্রাম উপ-শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনটি রবিবার (৩০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাউরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন বুথে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাটগ্রাম পূবালী ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আকবর হোসেন এবং পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার জুনিয়র অফিসার তাপস কুমার রায়। অনুষ্ঠানে বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজির লিমন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বুলু এবং বিশিষ্ট ব্যবসায়ী জামিনুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন যে, ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধি পেলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।