বলিউডের কিং খান শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর পাশাপাশি তার আবেগ জড়িয়ে থাকা প্রথম ফ্ল্যাটটি পুনর্নির্মাণ করা হচ্ছে। বর্তমানে মান্নাতে সংস্কারকাজ চলার কারণে শাহরুখ ও তার পরিবার বান্দ্রার একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকছেন। এই সংস্কার ও পুনর্নির্মাণ কাজের বিস্তারিত তথ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বলিউডের বিশিষ্ট প্রযোজক আনন্দ পণ্ডিত।
আনন্দ পণ্ডিত ২০০০ সালের শুরুর দিকে তার বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রেইলেটি’ প্রতিষ্ঠা করেন। নিজের প্রথম প্রকল্প থেকেই বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। সেই প্রকল্পে অভিনেতা হৃতিক রোশন দুটি তলা এবং পরিচালক রাকেশ রোশন তিনটি তলা কেনেন। এছাড়া অভিনেতা অজয় দেবগনও একটি তলা কিনেছিলেন। তৎকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা এই প্রকল্পের পর থেকে আনন্দের ব্যবসা আরও প্রসারিত হয় এবং বলিউডে তার যোগাযোগ বাড়ে। বর্তমানে বলিউডের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ তারকার কাজ তার প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়ে থাকে।
বর্তমানে আনন্দ পণ্ডিতের প্রতিষ্ঠান শাহরুখ খানের দুটি বিলাসবহুল সম্পত্তির কাজ করছে। এর মধ্যে একটি হলো বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিখ্যাত বাংলো ‘মান্নাত’। সেখানে সংস্কারকাজের অংশ হিসেবে মান্নাতের পেছনের দিকে বেশ কয়েকটি নতুন তলা তৈরি করা হচ্ছে। মান্নাতে এই কাজ চলার কারণে শাহরুখ খান তার স্ত্রী প্রযোজক ও অন্দরসজ্জাশিল্পী গৌরী খান, বড় ছেলে ও পরিচালক আরিয়ান খান, মেয়ে ও অভিনেত্রী সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে সাময়িকভাবে বান্দ্রার পালি হিল এলাকার ‘পূজা কাসা’ নামক একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন। এই বাড়িটির মালিক বর্ষীয়ান প্রযোজক বাসু ভগনানি।
মান্নাত ছাড়াও শাহরুখের আরেকটি সম্পত্তি পুনর্নির্মাণের কাজ করছেন আনন্দ। তবে কাজ শুরু করার আগে এই বাড়িটির সঙ্গে অভিনেতার গভীর আবেগের কথা তিনি জানতেন না। আনন্দ জানান, কাজ শুরুর আগে একবার শাহরুখ স্যার এ বিষয়ে কথা বললেও বহুতলটির নাম উল্লেখ করেননি। পরবর্তীতে যখন আনন্দ বান্দ্রার কার্টার রোডের বেশ কিছু বহুতল পুনর্নির্মাণের বিষয়ে শাহরুখের সঙ্গে আলোচনা করছিলেন, তখন তিনি ‘শ্রী অমৃত সোসাইটি’র নাম নেন। এটিই ছিল মুম্বাইয়ে কেনা শাহরুখ ও গৌরীর প্রথম ফ্ল্যাট, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেতার জীবনের বহু স্মৃতি ও আবেগ।
বলিউডের ৮০-৯০ শতাংশ আমার সংস্থার সঙ্গে জড়িত।

