জনজীবনের সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপের আহ্বান সাইফুল হকের

জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন। সাইফুল হক বলেন, সরকার গঠনের ছয় মাস পার হয়ে গেছে, এখন জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না। নির্বাচিত সরকারের কাছে মানুষের যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে এখন বাস্তব কাজের মাধ্যমে দায়িত্বের প্রমাণ দিতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মানুষ খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া বেকারত্ব দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অসহনীয় বেকারত্ব দ্রুত দূর করা না গেলে দেশে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়বে। বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা আর নষ্ট হতে দেওয়া যাবে না। মানুষের জানমাল, জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

পররাষ্ট্রনীতির বিষয়ে সাইফুল হক সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সব অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে। জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাত কোনোভাবেই বিদেশ-নির্ভর রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার নীতিতে সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়। যুবসমাজের প্রতি তার আহ্বান, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা অনিশ্চয়তায় বহু যুবক বিপদে পড়েছেন, বেকারত্বের শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ হতাশা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে জেলা, উপজেলা, থানা ও পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ করে দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ ও ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি। সভায় দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। বক্তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ করে অধিকার, ইনসাফ ও মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।