২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের এক নতুন পূর্বাভাসে উঠে এসেছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কানাডার গণমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে বাংলাদেশ বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ডেনমার্কের মতো দেশগুলোর অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি দাঁড়াবে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে, ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার, ডেনমার্কের ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলার এবং হংকংয়ের অর্থনীতি ৫৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ১৮০টি দেশের এই তালিকায় বাংলাদেশ মালয়েশিয়া (৩৩তম), ভিয়েতনাম (৩৪তম), ডেনমার্ক (৪০তম) ও হংকংয়ের (৪২তম) চেয়ে এগিয়ে থাকবে। এই তালিকায় বাংলাদেশের ঠিক আগেই অবস্থান করছে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া।

বিশ্ব অর্থনীতির সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২০৩০ সালেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার নিয়ে শীর্ষস্থান ধরে রাখবে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকবে চীন, যাদের অর্থনীতির আকার প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এছাড়া জার্মানি ও ভারতের মধ্যে তৃতীয় স্থান নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা দিতে পারে, যেখানে ২০৩০ সালে তাদের জিডিপি যথাক্রমে ৬ হাজার ১৭৮ বিলিয়ন ও ৬ হাজার ১৭৩ বিলিয়ন ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তালিকায় যুক্তরাজ্যের জিডিপি ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলার হবে বলে জানানো হয়েছে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যমতে, আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হবে। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বৈশ্বিক জিডিপির ৫৩ দশমিক ৩ শতাংশই পাঁচটি দেশের দখলে, যার মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এছাড়া জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।