সমরাস্ত্রের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে উৎপাদিত অতিরিক্ত সমরাস্ত্র ও গোলাবারুদ বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দেশের দ্বিতীয় অর্ডন্যান্স উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের প্রায় ৫৫ একর জমি ও স্থাপনায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) সম্প্রসারণ হিসেবে এই কারখানাটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন নিরাপত্তা ও আধা-সামরিক বাহিনীর প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে ফৌজদারহাটে বিটিএমসি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই জমি ও স্থাপনা হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিরক্ষা শিল্পের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শুধু বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি করে যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়। নিজেদের প্রয়োজনীয় ফায়ারিং সরঞ্জাম ও সামরিক উপকরণ নিজেদেরই উৎপাদন করতে হবে। এ কারণেই প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কারখানাটি কেবল দেশের চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সমরাস্ত্র আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর পাশাপাশি প্রতিরক্ষা পণ্য রপ্তানির একটি নতুন খাত গড়ে উঠতে পারে। সীতাকুণ্ডের এই স্থানটি কৌশলগত ও লজিস্টিক সুবিধার কারণে বেছে নেওয়া হয়েছে। পাহাড়ঘেরা অবস্থান সামরিক নিরাপত্তার জন্য উপযোগী এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছাকাছি হওয়ায় কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে পরিবহন সুবিধা পাওয়া যাবে।
গত ১ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জমিটি প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার মিসেস সাজিয়ে তাহের জমি ও স্থাপনা হস্তান্তরের চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর সেনানিবাসের পর সীতাকুণ্ডে এই দ্বিতীয় উৎপাদন কেন্দ্রটি দেশের প্রতিরক্ষা শিল্পকে পরনির্ভরতা থেকে আত্মনির্ভরতার পথে নিয়ে যাওয়ার একটি মাইলফলক হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পর্যায়ে পৌঁছাতে হলে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, গবেষণা ও উন্নয়ন এবং কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

