হলিউডের কিংবদন্তি অভিনেতা ও গায়ক টিম কারি আর নেই। ৮০ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের টোলুকা লেকে নিজের বাড়িতে মঙ্গলবার তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দীর্ঘদিনের বন্ধু ও ম্যানেজার মার্শিয়া হারউইটজ এবং হলিউড গণমাধ্যম ভ্যারাইটি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
টিম কারি দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২০১২ সালে গুরুতর স্ট্রোকের শিকার হওয়ার পর থেকেই তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। স্ট্রোকের কারণে চলাফেরায় সীমাবদ্ধতা দেখা দিলে পরবর্তী সময়ে তাকে হুইলচেয়ারের ওপর নির্ভর করতে হয়। তবে এসব শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার অভিনয় ও কণ্ঠশিল্পের কাজ চালিয়ে গেছেন।
তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় চরিত্র নিঃসন্দেহে ‘দ্য রকি হরর পিকচার শো’ সিনেমার ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার। ১৯৭৩ সালে লন্ডনের মঞ্চে প্রথমবার এই চরিত্রে অভিনয়ের পর ১৯৭৫ সালে একই নামে সিনেমাটিতে অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির সময় ব্যাপক সাফল্য না পেলেও পরবর্তীতে এটি কাল্ট ক্লাসিকে পরিণত হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সিনেমাটির মধ্যরাতের প্রদর্শনী ঘিরে গড়ে ওঠা বিশাল ভক্তগোষ্ঠী তাকে পপ সংস্কৃতির অন্যতম স্মরণীয় মুখ করে তোলে। দর্শকেরা সিনেমার সংলাপের সঙ্গে সংলাপ বলতেন, গান ও নাচে অংশ নিতেন এবং অনেকেই সিনেমার চরিত্রগুলোর পোশাক পরে প্রেক্ষাগৃহে উপস্থিত হতেন।
টিম কারির অভিনয় প্রতিভার ছাপ ছিল বৈচিত্র্যময় সব চরিত্রে। স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টিভি মিনিসিরিজ ‘ইট’-এ পেনিওয়াইজ দ্য ক্লাউন চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে গভীর আতঙ্ক তৈরি করেছিল। এছাড়া ‘ক্লু’, ‘অ্যানি’, ‘লিজেন্ড’, ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’, ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ এবং ‘চার্লি’স অ্যাঞ্জেলস’-এর মতো জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। ‘হোম অ্যালোন ২’-এ হোটেলের কনসিয়ার্জ এবং ‘লিজেন্ড’-এ ভিলেন ডার্কনেস চরিত্রেও দর্শকদের নজর কাড়েন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারেও ছিল তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার। মঞ্চনাটকের জগতে অসামান্য অবদানের জন্য তিনি ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘মন্টি পাইথন’স স্প্যামালট’-এর মতো নাটকে অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন।

