স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধীদলীয় উপনেতার কড়া সমালোচনা

জাতীয় সংসদে প্রশ্নোত্তরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্তরের ধরন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিতভাবেই বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে অবজ্ঞা করার চেষ্টা করেন। বিশেষ করে সংসদে দেওয়া এক মন্তব্যের প্রেক্ষিতে তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এগুলো পল্টন বা শাহবাগ নয়, কিন্তু ওনার মনে রাখা উচিত ছিল যে আজকের এই স্বরাষ্ট্রমন্ত্রী পদটি শাহবাগেরই সৃষ্টি।

বৃহস্পতিবার রাতে সংসদ থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সংসদকে একটি সুশীল ও মার্জিত অবস্থানে নিয়ে আসার চেষ্টা করা হলেও সরকারি দল থেকে এমন আচরণ কাম্য নয়। বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র নেতারা বক্তব্য দেওয়ার সময় প্রতিটি শব্দের বিষয়ে সতর্ক থাকেন যেন সংসদ কলুষিত না হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো আচরণ করছেন।

তাহের অভিযোগ করেন, বিএনপি বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। সরকারি উন্নয়ন তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বিরোধী দলের এমপিরাও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, অথচ তাদের বরাদ্দে বৈষম্য করা হচ্ছে। বর্তমান সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বললেও এখন নিজেরাই বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে উঠছে।

দেশে গ্যাস, বিদ্যুৎ, সার ও বীজের তীব্র সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। বিরোধী দলের পক্ষ থেকে জরুরি অধিবেশনের অনুরোধ করা হলেও সরকার সাড়া দেয়নি। ২৭ আগস্ট ডাকা অধিবেশনেও বিরোধী দলের দাবির বিষয়ে কোনো আলোচনা ছিল না। এছাড়া সংরক্ষিত নারী আসনের এমপিদের বাজেট বরাদ্দ না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

গণভোটের বিষয়ে তাহের বলেন, বিএনপি এখন গণভোটকে সংবিধানের বাইরে বলছে, অথচ একই যুক্তিতে তাদের সরকারও অবৈধ হয়ে যায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও বাস্তবে দুর্নীতি বহুগুণ বেড়েছে। চাঁদাবাজি প্রধানমন্ত্রীর অগোচরে হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্পিকার সংসদ পরিচালনায় পক্ষপাতিত্ব করছেন এবং বিরোধী দলকে অসহিষ্ণু হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। তিনি মানবাধিকার কমিশন ও গুম বিরোধী বিলগুলো বিচ্ছিন্নভাবে পাস করানোর মাধ্যমে সরকারের সংসদীয় স্বেচ্ছাচারিতার সমালোচনা করেন।

এখন আমরা দেখছি জিরোটা আছে; কিন্তু তার বাঁয়ে আরও ১০০ যোগ হয়ে গেছে।