টি-টোয়েন্টিতে রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার লড়াইয়ে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। এই লড়াইয়ে আবার নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড। বুধবার ব্রায়ান লারা স্টেডিয়ামে ২৬ বলে ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি এই কীর্তি গড়েন।

এই ইনিংসের পর পোলার্ডের মোট রান এখন ১৪ হাজার ৯২১। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী জশ বাটলারের নামের পাশে রয়েছে ১৪ হাজার ৮৯০ রান। আগে ৩৫ রানে পিছিয়ে থাকলেও, নতুন এই ইনিংসের সুবাদে পোলার্ড এখন বাটলারের চেয়ে ৩১ রানে এগিয়ে রয়েছেন। পোলার্ডের ইনিংসটি ছিল ২৫০.০০ স্ট্রাইকরেটে, যেখানে তিনি ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন।

ব্যক্তিগত রেকর্ডের রাতটি অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি পোলার্ড। সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তুলতে সক্ষম হয়। ফলে সেন্ট লুসিয়া কিংস ৩৬ রানের জয় পায়। ম্যাচটিতে প্রতিপক্ষ দলের ওপেনার টিম সেইফার্ট ৬১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন।

ম্যাচটিতে পোলার্ডের সতীর্থ সুনিল নারাইনও একটি মাইলফলক স্পর্শ করেছেন। জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউর শিকার বানিয়ে তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট পূর্ণ করেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, যার ঝুলিতে রয়েছে ৭৩৬ উইকেট।