মোগলহাট ইউপি প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাকে দ্রুত পদ থেকে অপসারণের দাবিতে রোববার (২৩ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং ভুক্তভোগী ব্যক্তিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি প্রকল্প, ত্রাণ এবং উন্নয়ন খাতের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বন্টন না করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। এ অনিয়মে মোগলহাট ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য শুকুর উদ্দিনের যোগসাজশ রয়েছে বলেও তারা দাবি করেন।

এ সময় বক্তারা বিশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ইটাপোতা কলোনি জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ থাকলেও মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা প্যানেল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে তারা অভিযোগ তোলেন। এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে অপসারণের জোর দাবি জানান তারা।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন। এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।