গ্রিসের ক্রিট দ্বীপে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউয়ের আগুন থেকে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি পর্যটককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি নাগরিককে শনিবার আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আটককৃত পর্যটককে রোববার রেথিমনোর একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, একটি ভাড়া করা ভিলার আঙিনা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভিলাটিতে বেশ কয়েকজন ইসরায়েলি পর্যটক অবস্থান করছিলেন। সেখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালানো হলে বাতাসের তোড়ে আগুনের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে পাশের শুকনো গাছপালায় পড়ে। এরপর মুহূর্তেই আগুন আশপাশের খোলা এলাকায় ছড়িয়ে পড়ে।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা একযোগে কাজ করেন। প্রায় চার ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে গ্রিস জুড়ে ভয়াবহ দাবানল চলছে। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের এক দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। এ ধরনের একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উচ্চ অগ্নিঝুঁকিপূর্ণ দিনগুলোতে বারবিকিউ জ্বালানোসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে, এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গ্রিস কর্তৃপক্ষ।

