নর্ড স্ট্রিম হামলায় অভিযুক্ত ইউক্রেনীয় ডুবুরি হলিউড সিনেমার সেট থেকে গ্রেপ্তার

২০২২ সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বোমা হামলার ঘটনার অন্যতম সন্দেহভাজন ইউক্রেনীয় ডুবুরি ভলোদিমির ঝুরাভলেভকে ক্রোয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। নাটকীয় বিষয় হলো, হলিউডের একটি সিনেমার সেটে কাজ করার সময় তাঁকে আটক করা হয়। ‘স্নেক আইল্যান্ড’ নামের এই সিনেমাটি মূলত ওই নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে, যেখানে ঝুরাভলেভ নিজেই একজন পরামর্শক হিসেবে কাজ করছিলেন।

পেশাদার স্কুবা ডুবুরি এবং ডাইভিং প্রশিক্ষক ভলোদিমির ঝুরাভলেভ ইউক্রেনের নাগরিক। তিনি কিয়েভের একটি ডাইভিং স্কুলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। জার্মানির কঠোর গোপনীয়তা আইনের কারণে আদালতের নথিপত্রে তাঁকে অনেক সময় ‘ভ্লাদিমির জেড’ নামে উল্লেখ করা হয়েছে। জার্মান কর্তৃপক্ষের দাবি, রাশিয়া ও জার্মানিকে যুক্ত করা নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন এই ঝুরাভলেভ। তবে শুরু থেকেই তিনি এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে ২০২৪ সালে পোল্যান্ডে থাকার সময় জার্মানির জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে ঝুরাভলেভ ইউক্রেনে পালিয়ে যান। সে সময় পোল্যান্ডের একটি আদালত তাঁর বিরুদ্ধে জার্মানির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে অস্বীকৃতি জানিয়েছিল। পোলিশ আদালতের যুক্তি ছিল, এ বিষয়ে জার্মানির কোনো আইনি এক্তিয়ার নেই এবং নর্ড স্ট্রিম ধ্বংসের ঘটনাটিকে আত্মরক্ষামূলক যুদ্ধে ইউক্রেনের একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে নর্ড স্ট্রিম প্রকল্পের বিরোধিতা করে আসা পোল্যান্ডের এই সিদ্ধান্তের পর এবার ক্রোয়েশিয়ায় ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে স্থানীয় পুলিশ তাঁকে আটক করে। বর্তমানে ঝুরাভলেভের আইনজীবী টিমোতেউস পাপরোকি তাঁর প্রত্যর্পণ ঠেকাতে চেষ্টা করছেন। তাঁর দাবি, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র পোল্যান্ড যেহেতু এ বিষয়ে আগেই সিদ্ধান্ত দিয়েছে, তাই ক্রোয়েশিয়ার আদালতে এর নতুন শুনানি হওয়া উচিত নয়।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে হওয়া শক্তিশালী বিস্ফোরণে নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ পাইপলাইন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনটির মালিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গাজপ্রম। এই পাইপলাইন চালু হলে রাশিয়ার গ্যাস সরবরাহের সক্ষমতা দ্বিগুণ হতো। তবে ইউক্রেনকে পাশ কাটিয়ে এই পথ তৈরি করায় কিয়েভ বিপুল পরিমাণ ট্রানজিট ফি হারানোর ঝুঁকিতে ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই পাইপলাইনটি ইউরোপের রুশ জ্বালানি নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক জলসীমায় ডেনমার্ক ও সুইডেনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই হামলা হলেও কোনো দেশই এর দায় স্বীকার করেনি। ডেনমার্ক ও সুইডেন ২০২৪ সালে তাদের তদন্ত বন্ধ করে দিলেও জার্মানি এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে。

জার্মানির তদন্তে উঠে এসেছে আরও কিছু নাম। ২০২৫ সালের আগস্টে ইতালিতে গ্রেপ্তার হওয়া ইউক্রেনের সাবেক সেনাকর্মকর্তা সের্হি কে-কে একই বছরের নভেম্বরে জার্মানির হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হয়ে পেশাদার ডুবুরি ও বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন, যারা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে একটি ভাড়া করা ইয়টের মাধ্যমে ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে পাইপলাইনে বিস্ফোরক স্থাপন করেছিল। যদিও ইউক্রেন সরকার এই হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। এদিকে, ঝুরাভলেভ যে ‘স্নেক আইল্যান্ড’ সিনেমার সেটে কাজ করছিলেন, সেটি পরিচালনা করছেন বিখ্যাত হলিউড পরিচালক ডগ লিম্যান। গ্যাস পাইপলাইন নিয়ে তৈরি এই রাজনৈতিক থ্রিলারে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা শন পেন ও অ্যাড্রিয়েন ব্রডি। গ্রেপ্তারের ঠিক আগমুহূর্তেও জাগরেবের শুটিং স্পটে ব্রডির সঙ্গেই দেখা গিয়েছিল সন্দেহভাজন এই ডুবুরিকে।

তিনি ২০০২ সালের থ্রিলার ‘দ্য বর্ন আইডেন্টিটি’, ২০০৫ সালের অ্যাকশন-কমেডি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এবং ২০১৪ সালের বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘এজ অব টুমরো’ পরিচালনার জন্যও বিখ্যাত।গ্যাস পাইপলাইন নিয়ে তৈরি লিম্যানের আসন্ন এই কাল্পনিক পলিটিক্যাল থ্রিলার সিনেমায় অভিনয় করছেন একাধিক অস্কারজয়ী তারকা—শন পেন ও অ্যাড্রিয়েন ব্রডি।ব্রডিকে সিনেমার শুটিং স্পটে দেখা গেছে।