ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের সার্বিক উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ, বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল। এছাড়া ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী, মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু) এবং ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফসহ ইউনিয়নের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

