সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিতেন মণ্ডল (৫৮) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই সহোদরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন নিহতের আপন চাচাতো ভাই তপন (৩০) ও ভগেন (৩৫)। তারা দুজনই সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে।
শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের একটি টহলদল তাদের আটক করে বলে সীমান্ত সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অভিযুক্তরা সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে গড়িয়াডাঙ্গা গ্রামের কৃষক জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জিতেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আসামিদের ফেরত পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

