কুবির নজরুল হলে মারামারি, দুই শিক্ষার্থী বহিষ্কার ও তদন্ত কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এই সিদ্ধান্তের কথা জানান।

হল প্রাধ্যক্ষ জানান, হলে পুনরায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে এই ঘটনার বিষয়ে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মো. হুমায়ুন কবির। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মেসেঞ্জার গ্রুপে দেওয়া একটি বার্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে প্রাধ্যক্ষের কক্ষে বসার কথা ছিল। তবে কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারির এক পর্যায়ে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইনের মাথায় আঘাত লেগে ফেটে যায়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্টার মোহাম্মদ ময়নাল হোসাইন। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ এবং সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর।