বঙ্গভবনে শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের লক্ষ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণে পৌঁছায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে সমবেত হন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, দরবার হলে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এই প্রক্রিয়ায় জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।