মন্ত্রিসভায় নতুন ৫ মুখ, শপথ পড়ালেন নতুন প্রেসিডেন্ট

মন্ত্রিসভায় নতুন পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে নতুন পাঁচ মুখ মন্ত্রিসভায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বৃদ্ধি পেল। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জন, যার মধ্যে ২৭ জন পূর্ণ মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান তিনি। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর বাইরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। এছাড়া ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টার মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন উপদেষ্টা প্রতিমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি।