মধ্যনগরে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা দিলেন এমপি কামরুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নিজস্ব অর্থায়নে উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দুর্গম ও হাওরবেষ্টিত যে ১৬টি বিদ্যালয়কে এই নৌকার আওতায় আনা হয়েছে সেগুলো হলো—খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।

অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে আবুল বাশার তাঁর বক্তব্যে বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। এই নৌকা বিতরণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।