কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)। দুর্ঘটনাকালে অটোরিকশায় থাকা তাদের মেয়ে মারজিয়া খাতুনসহ জাহাঙ্গীর ও মাহিম নামে আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ওই দম্পতির মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালবেলা কিশোরগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাওহীদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

