বর্ষার ভরা মৌসুমে উপকূলীয় অঞ্চলে যখন রুপালি ইলিশের জোয়ার থাকার কথা, তখন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছের বাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আষাঢ়-শ্রাবণের এই সময়ে নদী ও সাগরে প্রচুর ইলিশ পাওয়ার কথা থাকলেও স্থানীয় বাজারগুলোতে সরবরাহ খুবই সীমিত। দু-চারটি যা-ও দেখা যাচ্ছে, সেগুলোর দাম আকাশছোঁয়া। ফলে বিক্রেতাদের হাঁকডাক শুনে দরদাম করলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
উপজেলার তুষখালী, সাপলেজা, বড় মাছুয়া এবং পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজার ঘুরে দেখা যায়, অতিরিক্ত দামের কারণে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের জন্য ইলিশ কেনা এখন সাধ্যের বাইরে চলে গেছে। বাজারে ৪৫০ থেকে ৬০০০ গ্রাম ওজনের ছোট সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায়। মাঝারি আকারের অর্থাৎ ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম ঠেকেছে কেজিপ্রতি ২ হাজার থেকে ৯ হাজার টাকায়।
শুধু ইলিশই নয়, অন্যান্য মাছের বাজারেও একই রকম অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাজারে প্রতি কেজি তপসী মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়, পোয়া মাছ ৪০০ টাকা, চিংড়ি ১ হাজার ৭০০ টাকা, পাঙ্গাস ২৫০ থেকে ৩০০ টাকা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
দক্ষিণ বন্দর বাজারে মাছ কিনতে আসা হোসেন আলী রাব্বি নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ইলিশ কিনতে এসে দর শুনে বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। সংসারের অন্য খরচ সামলে এত চড়া দামে মাছ কেনা সম্ভব নয়। তপসী মাছের দাম চেয়েছে ১২০০ টাকা। এখন গরুর মাংসের চেয়েও মাছের দাম বেশি!’’ আরেক ক্রেতা শাকিল আহমেদ জানান, তার বাড়িতে দুটি ছোট মেয়ে রয়েছে যারা মাছ ছাড়া ভাত খেতে চায় না। কিন্তু বাজারে মাছের দাম এত বেশি যে ভালো কোনো মাছ কেনাই সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে প্রায় প্রতিদিনই পাঙ্গাস মাছ কিনে বাড়ি ফিরতে হচ্ছে তাকে।
এদিকে মাছের এই চড়া দামের কারণ ব্যাখ্যা করে আড়তদার মোস্তফা জানান, বর্ষার এই ভরা মৌসুমে বাজারে প্রচুর মাছ আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নদী বা সাগরে যেতে পারছেন না। দু-একজন জেলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাছ ধরতে গেলেও পর্যাপ্ত পরিমাণে মাছ মিলছে না। মূলত সরবরাহ কম থাকার কারণেই বাজারে মাছের দাম এতটা চড়া।

