নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন শরীফ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাদ মাগরিব নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির উদ্যোগ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি সারোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত এবং নোয়াখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল করিম পাবেলসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর হামিয়া সুন্না ইসলামিয়া মাদ্রাসার খতিব মাওলানা মোজ্জাম্মেল হোসেনের হাতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ তুলে দেন অনুষ্ঠানের নেতৃবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। উল্লেখ্য, মানুষের দুর্যোগ ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন।